সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নর্থ বেঙ্গলের মেয়ে সিমকী ইমাম খান সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে এই দায়িত্ব পেলে এটি তার কাছে শুধুমাত্র একটি পদ নয়, বরং একটি বড় আমানত হিসেবে বিবেচিত হবে।
তিনি জানান, সংসদ সদস্য মানে পুরো দেশের প্রতিনিধিত্ব করা। সংরক্ষিত নারী আসন নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলেও কাজ করতে হবে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য। তার মতে, নারীর উন্নয়ন মানেই পরিবারের উন্নয়ন এবং সমাজের সার্বিক অগ্রগতি।
সিমকী ইমাম খান বলেন, একজন নারী শিক্ষিত হলে পুরো পরিবার উপকৃত হয়। নারীর আয় সংসারের অভাব দূর করে এবং এতে পুরুষরাও সমানভাবে লাভবান হয়। তাই নারীর উন্নয়নে কাজ করা মানে পুরো সমাজের উন্নয়নে কাজ করা।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ হলে মেয়েরা শিক্ষার সুযোগ পাবে এবং ভবিষ্যতে তারা আইনজীবী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক বা ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে পারবে। এতে শুধু ব্যক্তি নয়, পুরো এলাকা ও দেশ উপকৃত হবে।
সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে তিনি প্রতিশ্রুতি দেন, নারীর অধিকার আদায়ের পাশাপাশি পুরুষদের অধিকারও সমানভাবে নিশ্চিত করবেন। তার ভাষায়, উন্নয়ন তখনই সম্ভব যখন নারী ও পুরুষ একসাথে এগিয়ে যায়।
তিনি দেশের এমন একটি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন, যেখানে কোনো নারী অবহেলিত থাকবে না এবং কোনো সন্তান শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। তৃণমূল মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি উল্লাপাড়াবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ 













