নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। মৃতদের একজন কৃষক ও অপরজন রাজমিস্ত্রি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বাড়ির পাশের নলচিটি হাওরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান।
এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
বৃষ্টি কিছুটা কমে গেলে হাওরে থাকা অন্য কৃষকরা সুদিন সরকারকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, বজ্রপাতে মৃত্যুর কোনো খবর আমার জানা নেই।
লেপসিয়া পুলিশ ফাঁড়িতে খোঁজ নেওয়া হচ্ছে।
তবে খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বজ্রপাতের ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে, সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি একই এলাকার মজিবুর রহমানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, সকালে আকাশ মিয়া কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে একটি ধানখেতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার শরীরে বজ্রপাতে মৃত্যুর প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার জানান, দুই উপজেলার ইউএনওরা নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
পৃথক দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদ্য খবর:
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময়: ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- ৯৭ ভিউ টাইম
ট্যাগ:
সর্বাধিক পঠিত














