সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সলঙ্গা ইউনিয়নের গোজা মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষক তাড়া মিয়া তার প্রায় আড়াই বিঘা জমিতে আবাদ করা ব্রি ধান-১০৮ জাতের ধান কর্তন করেন। মাঠ পর্যায়ে এ শস্য কর্তনের মাধ্যমে জাতটির ফলন ও গুণগত মান পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। তিনি বলেন, ব্লাস্ট রোগ প্রতিরোধী ব্রি ধান-১০৮ জাতের ফলন তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। এ জাতটি ইতোমধ্যে একটি উন্নত ও জনপ্রিয় জাত হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি আরও জানান, ব্রি ধান-১০৮সহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ১০০টিরও বেশি জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। এতে কৃষকরা আধুনিক ও উন্নত জাতের ধান চাষে আরও বেশি আগ্রহী হচ্ছেন।
মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ 











