সিরাজগঞ্জ, ২১ এপ্রিল: সিরাজগঞ্জে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বের নাম ‘শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল’ থেকে পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী।
হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন নাম কার্যকর করা হয়েছে এবং এখন থেকে সব ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে নতুন নাম ব্যবহার করা হবে।
জানা গেছে, সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় প্রায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর হাসপাতালটি নির্মিত হয়। ২০১৪ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ সময় নির্মাণ শেষে ২০২১ সালের আগস্টে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২০টি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ১৫টি ওয়ার্ড, ১৫টি অপারেশন থিয়েটার এবং ৩৮ শয্যার একটি সিসিইউ (CCU) ইউনিট চালু রয়েছে, যা জরুরি ও জটিল রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ 

















