সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মো. আরিফুল ইসলাম (৪২) নামে এক এনজিও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দুর্গানগর গ্রামে নিজ বাড়ির সংলগ্ন একটি বাগান থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম দুর্গানগর গ্রামের মো. দানেজ আলীর ছেলে। তিনি স্থানীয় ‘সোনার বাংলা সমিতি’ (এনজিও) নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির পাশে একটি বাগানে আরিফুল ইসলামের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা উল্লাপাড়া মডেল থানা-পুলিশে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রহস্যজনক এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
মনিরুল ইসলাম,উল্লাপাড়া 










