সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মেসার্স রবিউল এন্টারপ্রাইজ’-এ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা ডিজেল তালিকাভুক্ত করা হয়।
অভিযানকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ 

















